শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ পরিদর্শনে শিল্পমন্ত্রী
সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানার কাজের অগ্রগতি দেখতে প্রকল্পস্থল পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল সোমবার দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, শাহজালাল সার কারখানার নির্মাণকাজ নির্ধারিত মেয়াদের আগেই শেষ হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে শিল্পমন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালক কামরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক রসময় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত উপস্থিত ছিলেন। গত মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে বর্তমান সার কারখানার দক্ষিণ-পশ্চিমে শাহজালাল সার কারখানার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর থেকে প্রকল্পে কাজ শুরু করে চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড।