শাহজালাল সেতু বাতিহীন দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদ্যুতিক খুঁটি উধাও হয়ে গেছে। যে কটি অবশিষ্ট আছে, সেগুলোতেও নেই বাতি। তাই সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকে সিলেটে সুরমা নদীর ওপর স্থাপিত শাহজালাল সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বৈদ্যুতিক খুঁটি উধাও হয়ে গেছে। যে কটি অবশিষ্ট আছে, সেগুলোতেও নেই বাতি। তাই সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকে সিলেটে সুরমা নদীর ওপর স্থাপিত শাহজালাল সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বৈদ্যুতিক খুঁটি থাকার কথা ৪২টি, আছে ২৬টি। এর মধ্যে বাতি জ্বলছে মাত্র নয়টিতে। তাই সন্ধ্যার পরই অন্ধকার নেমে আসে সিলেটের সুরমা নদীর ওপর স্থাপিত শাহজালাল সেতুতে। এ সুযোগে সেখানে বেড়েছে ছিনতাইকারীদের উপদ্রব।
ঢাকাসহ সারা দেশ থেকে সিলেট শহরে ঢুকতে হলে কিনব্রিজ অথবা শাহজালাল সেতুর যেকোনো একটি পাড়ি দিতেই হয়। এমন গুরুত্বপূর্ণ একটি সেতুর অধিকাংশ বাতি অকেজো থাকায় সন্ধ্যার পর থেকে ঝুঁকি নিয়ে চলতে হয় গাড়ির যাত্রী ও পথচারীদের। এ অবস্থা চলছে প্রায় দুই বছর ধরে।
দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার বাসিন্দা আনাছ মিয়া জানান, সুরমা নদীর উত্তর অংশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ব্যবসায়িক কাজে তাঁকে প্রতিদিন শাহজালাল সেতু পাড়ি দিতে হয়। বাড়ি ফেরেন গভীর রাতে। তিনি বলেন, ‘সেতুতে পর্যাপ্ত বাতি না থাকায় ভয় কাজ করে। দু-একবার ছিনতাইয়ের শিকারও হয়েছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পর্যাপ্ত আলোর অভাবে সেতুটি অন্ধকারে ঢেকে আছে। অধিকাংশ খুঁটির বাতি বিকল হয়ে তারসমেত ঝুলছে। যে নয়টি খুঁটিতে আলো জ্বলছে, সেগুলোও মিটমিট করছে। এ অবস্থায় লোকজন আতঙ্ক নিয়ে চলাচল করছে।
পাশের হুমায়ুন রশীদ চত্বর এলাকার ব্যবসায়ী কাওসার মিয়া জানালেন, অন্ধকারে সেতুতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিন্তু হয়রানির ভয়ে কেউ থানায় অভিযোগ করেন না।
তবে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, পথচারীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে সেতুতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। তিন মাসের মধ্যে এখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অনেক সময় মাদকসেবীরা লোহার বৈদ্যুতিক খুঁটি খুলে নিয়ে যায়। তারা বাতিও চুরি করে। তাই সেতুটি অন্ধকারে নিমজ্জিত থাকে। এ অবস্থায় পুলিশের নজরদারি বাড়ানো প্রয়োজন। তবে বৈদ্যুতিক বাতি লাগানোর পাশাপাশি ভেঙে যাওয়া খুঁটিগুলো প্রতিস্থাপন করা হবে বলে জানান তিনি।