চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রাধ্যক্ষ এস এম সালামত উল্লাহ ভূঁইয়া গতকাল বুধবার সকালে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলমের কাছে পদত্যাগপত্র জমা দেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৫ অক্টোবর রাতে শাহজালাল হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ হলে তল্লাশি চালিয়ে শিবিরের ৪২ নেতা-কর্মী ও সমর্থককে আটক করে। এর মধ্যে ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি তাঁরা জামিনে মুক্ত হন। এর মধ্যে ২৬ জন হলে উঠতে গেলে ছাত্রলীগ তাঁদের বাধা দেয়। পরে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করার জন্য হল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। হল কর্তৃপক্ষ বিষয়টি বুধবার সমাধানের আশ্বাস দেয়। কিন্তু এর আগেই হল প্রাধ্যক্ষ পদত্যাগ করেন।সালামত উল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হল প্রাধ্যক্ষকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমার বাসা ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে হওয়ায় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না।’হল প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম। তিনি প্রথম আলোকে বলেন, খুব দ্রুত নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। এর আগে হলের হাউস টিউটররা দায়িত্ব পালন করবেন।নতুন সহকারী প্রক্টর নিয়োগ: এদিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।