শাহজালাল হলের ফটকে ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে কর্তৃপক্ষ আলোচনা সভা বা অন্য কোনো কর্মসূচির আয়োজন না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রধান ফটকে তালা দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রায় এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রধান ফটকে তালা দেওয়ার পর উপাচার্য আনোয়ারুল আজিম সব হল প্রাধ্যক্ষকে নিয়ে দুপুরে বৈঠক করেন। পরে ছাত্রলীগের কর্মীরা ছয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উপাচার্য বরাবর পেশ করেন। ছাত্রলীগের কর্মীদের প্রধান দাবিগুলো হলো: সব জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা, হলের সামনের বাগানে থাকা ছাত্রশিবিরের মনোগ্রাম সরিয়ে ফেলা, হলের শহীদ মিনারের সামনে থেকে পানির ট্যাংকি অপসারণ করা এবং অবৈধ ও প্রাক্তন ছাত্রদের হল থেকে বের করে দেওয়া।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজীম হোসেন প্রথম আলোকে বলেন, হল কর্তৃপক্ষ জাতীয় দিবসগুলো কোনোবারই যথাযথ মর্যাদায় পালন করে না। সর্বশেষ জাতীয় শোক দিবস উপলক্ষেও কোনো কর্মসূচি নেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ ছাত্ররা হলের প্রধান ফটকে তালা দিয়েছেন। তবে হল প্রাধ্যক্ষ এস এম সালামত উল্লাহ ভূঁইয়া গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রশাসনের নির্ধারিত সব কর্মসূচি পালন করেছি। ছাত্রলীগের কর্মীদের আলোচনা সভা করার জন্য অনুমতিও দিয়েছি।’ তিনি বলেন, ছাত্রলীগের ছেলেরা ফটকে তালা লাগানোয় দুঃখ প্রকাশ করেছেন।