শাহজালালে আরও তিন দিন দুর্ভোগ পোহাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি এয়ারলাইনসের লাগেজের স্তূপের কারণে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আরও অন্তত তিন দিন দুর্ভোগ পোহাতে হবে। কারণ সৌদি এয়ারলাইনস লাগেজের স্তূপ সরিয়ে নিতে আরও তিন দিনের সময় চেয়ে গতকাল মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান এর সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব লাগেজ সংশ্লিষ্ট যাত্রীদের দিয়ে দেবে। যেসব লাগেজ দিতে সক্ষম হবে না, সেগুলো অন্যত্র সরিয়ে নেবে।
যদিও এর আগে গত ১০ আগস্টও তারা তিন দিনের সময় চেয়ে লাগেজ রাখা শুরু করে। কিন্তু ১৩ দিনেও লাগেজ সরানো হয়নি; বরং প্রতিদিন সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে জেদ্দা থেকে আলাদাভাবে পাঠানো শত শত লাগেজ এনে শাহজালালে জমা করেছে। এগুলোর মালিক যেসব যাত্রী, তাঁরা আরও আগে ঢাকায় এসেছেন। লাগেজগুলো পাঠানো হয় পরে।
বিমানবন্দর সূত্র জানায়, সৌদি এয়ারলাইনসের বিপুলসংখ্যক লাগেজ কনভেয়ার বেল্টের পাশেই স্তূপ করে রাখা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে লাগেজের স্তূপের কারণে বিমানবন্দরের আটটি কনভেয়ার বেল্টের মধ্যে দুটির ব্যবহার বন্ধ করে দিতে হয়।
যোগাযোগ করলে সৌদি এয়ারলাইনসের ঢাকা অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অধিকার রাখেন সৌদি এয়ারলাইনসের এখানকার কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজার। কিন্তু তাঁরা ঈদ করতে নিজ দেশে চলে গেছেন।