শাহজালালে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি, ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটি বাতিল ও পুনরায় কমিটি গঠনের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশের নেতৃত্বাধীন পক্ষটি গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে সড়ক অবরোধ পালন করে। এ সময় ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ধর্মঘট আহ্বানকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ছাত্রলীগের নেতা রণজিৎ দেবের ওপর হামলা করে ছাত্রশিবিরের একটি সন্ত্রাসী পক্ষ। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক আধা ঘণ্টা অবরোধ শেষে ধর্মঘট আহ্বান করা হয়। আর্থিক লেনদেনের অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিকে সভাপতি করে গঠিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি বাতিল এবং ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে পুনরায় কমিটি গঠনের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে।

উত্তম কুমার দাশ বলেন, ‘আর্থিক লেনদেনের মাধ্যমে গঠিত কমিটি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি শক্তিশালী করতে পারবে না। তাই আমরা সাধারণ কর্মী-সমর্থকদের মতামত নিয়ে ধর্মঘট ডেকেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’

সম্মেলনের প্রায় ছয় মাস পর গত বুধবার কেন্দ্র থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আর্থিক লেনদেনের মাধ্যমে একজনকে এ কমিটির সভাপতি করা হয়েছে দাবি করে ছাত্রলীগের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। বুধবার রাতে এ কমিটির বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ হয় এবং ওই সময় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী দুর্বৃত্তদের হামলায় আহত হন। পরদিন নতুন কমিটির সহসভাপতি রণজিৎ দেবও সন্ত্রাসী হামলায় আহত হন।

নতুন কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তী প্রথম আলোকে জানান, শামসুজ্জামানের ওপর হামলার ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশ এবং আহসানুল হক নামের একজন কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশের বিষয়টি আড়াল করতে গতকাল তড়িঘড়ি করে ধর্মঘটের ডাক দেওয়া হয়। কেন্দ্র থেকে ওই দুজনকে বহিষ্কারের বিষয়টি সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বলে সঞ্জীবন জানান। তবে উত্তম কুমার দাশ বলেন, বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে গতকাল পর্যন্ত তাঁকে যথাযথভাবে জানানো হয়নি। আহূত ধর্মঘটের ওপর থেকে নজর সরাতে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

শিবিরের বিবৃতি: ছাত্রলীগের নেতা রণজিৎ দেব দলীয় কোন্দলের জের ধরে হামলায় আহত হয়েছেন বলে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা দাবি করেছে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক এহসানুল করিম এক বিবৃতিতে বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কোনো গোপন হামলায় বিশ্বাসী নয়। ছাত্রলীগের সহসভাপতি রণজিৎ দেবকে মূলত তারাই কুপিয়ে আহত করে বরাবরের মতো শিবিরের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানাই।’