শাহজালালে ছয় কোটি জাল ভারতীয় মুদ্রা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার ছয় কোটি চার লাখ ভারতীয় রুপি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, পাকিস্তান থেকে আসা এসব মুদ্রা খুবই উচ্চ মানের ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এগুলো যে জাল, তা দেখে এমনকি সাধারণ পরীক্ষাতেও বোঝার উপায় নেই। এর মধ্যে ১৭টি বান্ডেল একই নম্বরের থাকায় এগুলো জাল বলে ধরা গেছে।
রুপির কার্টনে কিছু অনুমোদন ছাড়া আমদানি করা ওষুধও আটক করা হয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে পাকিস্তান থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে পাঁচটি কার্টন ভরা এসব মুদ্রা ও ওষুধ আসে। পাকিস্তান থেকে কার্গো (মালামাল) হিসেবে সেগুলো ঢাকায় পাঠানো হয়েছিল। কর্মকর্তারা বলছেন, মুদ্রার চালানের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। আটকের পর এগুলো গণনা করতে করতে বিকেল হয়ে যায়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, এই জাল রুপি ও ওষুধ পাকিস্তান থেকে পাচার হয়ে বাংলাদেশে এসেছে। সাদা চোখে রুপিগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো জাল। কারা কীভাবে এগুলো বাংলাদেশে এনেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, কার্টনের ওপর আমদানিকারকের নাম কামাল হোসেন ও তাঁর ঠিকানা ৩৬/এ দক্ষিণ কেরানীগঞ্জ লেখা রয়েছে। বিমানবন্দরে নামার পর এসব কার্টনের কোনো দাবিদারও পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানান, আগে থেকে ওই রুপিগুলোর বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। সেই অনুযায়ী গতকাল কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। পরে কার্গো বিভাগে কার্টনগুলো দেখে সন্দেহ হলে সেগুলো খোলা হয়। রুপিগুলোর মোট ওজন ১৯০ কেজি। প্রতি কার্টনের ওজন ৩৮ কেজি করে। কার্টনগুলোর ওপরের স্তরে কিছু বড়ি, ক্যাপসুল ও ইনজেকশন ছিল। এই ওষুধগুলো হূদেরাগের জন্য ব্যবহূত হয়।
কর্মকর্তারা জানান, বাংলাদেশের ওপর দিয়ে মূলত ভারতে পাচারের জন্য রুপিগুলো আনা হয়েছে বলে ধারণা। এর আগে ভারতীয় রুপিসহ বেশ কয়েকজন চক্রের সদস্য ধরা পড়েছেন। এসব চক্রকে বলা হয় ফেইক ইন্ডিয়ান কারেন্সি গ্রুপ।
পুলিশের জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া এ চক্রের বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকেরা জানিয়েছেন, এসব জাল রুপি পাকিস্তানের একটি সামরিক গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে করাচিতে ছাপানো হয়। আকাশপথে বিশেষ লাগেজে, পাকিস্তান থেকে আসা কাপড়ের চালানে বা জলপথে জাহাজে এসব রুপির চালান বাংলাদেশে আসার তথ্য রয়েছে। একাধিকবার আনা হয়েছে দুবাই বা আবুধাবি হয়ে ঘোরাপথে। এ দেশে মুদ্রা পাচার চক্রের তদারকিও করেন পাকিস্তানি নাগরিকেরা।
কর্মকর্তারা বলেন, এসব মুদ্রা দেখতে ও বৈশিষ্ট্যে একেবারে আসল রুপির মতো। আসল রুপির প্রতিটি নিরাপত্তা বৈশিষ্ট্য এসব মুদ্রায় বিদ্যমান। তিন-চার স্তরের নিরাপত্তা পরীক্ষাও এসব মুদ্রা উতরে যেতে পারে।