শাহজালালে তিন কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সকালে তিন কেজি সোনাসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

আটক যাত্রীর নাম আরিফ হোসেন (২৮)। শুল্ক বিভাগের তথ্যমতে, আটক করা সোনার বাজারমূল্য দেড় কোটি টাকা।

সকাল সাড়ে আটটার দিকে ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার রুহুল আমিনের নেতৃত্বে একটি দল তল্লাশি চালিয়ে আরিফের জ্যাকেটের ভেতর থেকে ১১টি সোনার বার উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউজের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কামরুল হাসান প্রথম আলোকে জানান, ২০০ গ্রাম সোনা আনার কথা বলে আরিফ অতিরিক্ত আরও তিন হাজার গ্রাম সোনা নিয়ে আসেন। তিনি সঙ্গে থাকা অন্যান্য জিনিসের শুল্ক দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হয়। এতে তাঁকে আবার তল্লাশি করা হয়। এ সময় আরিফের জ্যাকেটের ভেতর থেকে ১১টি সোনার বার পাওয়া যায়।

আরিফের পাসপোর্টে দেখা গেছে, তিনি এ বছর ১৪ বার দেশের বাইরে গেছেন। আইনি ব্যবস্থা নিতে আরিফকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।