শাহজালালে তিন কোটি টাকার ওষুধ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকার অননুমোদিত ওষুধ আটক করা হয়েছে। ওষুধগুলো ক্যানসার প্রতিষেধক বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুল্ক বিভাগ ও শুল্ক গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এগুলো আটক করে।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আয়েশা আক্তার ও শুল্ক বিভাগের সহকারী কমিশনার কামরুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামরুল হাসান ‘প্রথম আলো’কে জানান, জামিল হোসেন নামের এক ব্যক্তি তুরস্ক থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে ওই ওষুধগুলো পাঠান। কামরুল আরও বলেন, তল্লাশি চালিয়ে দুটি কার্টনে রাখা ওষুধগুলো জব্দ করা হয়। জামিল হোসেনের ঠিকানা শুধু সায়েদাবাদ উল্লেখ করা ছিল।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ওষুধগুলো ক্যানসার প্রতিষেধক। এগুলোর অনুমোদন নেই। তিনি বলেন, এসব ওষুধের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।