শাহজালালে সোয়া চার কেজি সোনা উদ্ধার
রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টার ব্যবধানে সোয়া চার কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক হওয়া সোনার বাজারমূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা, সাতটা ও গতকাল রাত ১২টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
জুতার ভেতর সোনার টুকরো
বেলা সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রী ইমাম হোসেনকে দুই কেজি ২৬০ গ্রাম সোনাসহ আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এর আগে সকাল সাতটার দিকে শেখ বাহালুল ইসলাম নামের এক ব্যক্তির জুতার ভেতর থেকে ৬০০ গ্রাম সোনার টুকরো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
আটক হওয়া এসব সোনার বাজারমূল্য এক কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা তদন্ত পরিচালক মইনুল খান জানান, প্যান্টের পকেট ও পায়ের মোজার ভেতর চারটি সোনার বার লুকিয়ে রেখেছিলেন ইমাম। গ্রিন চ্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
মইনুল খান জানান, বাহালুল কুয়ালালামপুর থেকে একটি এয়ারলাইনসে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে দেখে শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বাহালুলের জুতার ভেতর থেকে ৬০০ গ্রাম ওজনের সোনার টুকরো উদ্ধার করা হয়। বাহালুলকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।
দেড় কেজি সোনাসহ আটক ৪
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এক কেজি ৩১৪ গ্রাম ওজনের সোনাসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের দাবি, আটক সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৬১ লাখ টাকা। এসব স্বর্ণের মধ্যে রয়েছে নয়টি বার, ২৮টি চেইন ও পাঁচটি আংটি।
আটক ব্যক্তিরা হলেন সালাউদ্দিন, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান ও আলমগীর মোল্লা। তাঁদের মধ্যে আলমগীর, সালাউদ্দিন ও মিজানুর সিঙ্গাপুর থেকে এবং হাফিজুর মালয়েশিয়া থেকে গতকাল রাতে ঢাকায় আসেন। আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গতকাল রাতে বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হয়ে ওই চারজন যাত্রী ট্যাক্সিতে উঠছিলেন। এ সময় সন্দেহ হলে তাঁদের ব্যাগ তল্লাশি করে সোনা উদ্ধার করা হয়।