শাহজালালে বিপুল বিদেশি মুদ্রাসহ দুজন আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ৫১ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং এক হাজার মার্কিন ডলারসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক দুজনের নাম হিমেল ও জাহাঙ্গীর। হিমেলের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। আর জাহাঙ্গীরের বাড়ি শরিয়তপুরে।
আজ শনিবার রাত সোয়া নয়টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাঁরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছিলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, মুদ্রাগুলো জুতা ও লাগেজের ভেতরে রডে অভিনব কায়দায় পেঁচিয়ে রেখে পাচার করা হচ্ছিল। হিমেলের কাছ থেকে ৯১ হাজার ৫০০ এবং জাহাঙ্গীরের কাছ থেকে ৬০ হাজার রিয়াল উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, কুয়ালালামপুর থেকে সোনা কেনার জন্য ওই মুদ্রাগুলো পাচার করা হচ্ছিল।
মইনুল খান বলেন, হিমেলকে প্রথমে বিমানবন্দরের বোর্ডি ব্রিজ আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরকে কৌশল করে বিমান থেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।