শাহজালালে ভর্তি প্রক্রিয়া শুরু ১৬ সেপ্টেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এদিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বলা হয়, টেলিটকের প্রিপেইড মুঠোফোনে নম্বর থেকে ভর্তির আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ইউনিট ও বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission) থেকে জানা যাবে।
এদিকে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/ বি. আর্ক প্রোগ্রামে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের আসন বণ্টনের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সাতটি বিভাগের ৫৪০ আসনের বিপরীতে চার হাজার ৩৭৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ডুয়েটের তথ্য ও প্রকাশনাবিষয়ক কর্মকর্তা কামরুন নাহার জানান, প্রথম দফায় সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় দফায় বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, যন্ত্রকৌশল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।