শোকাবহ আগস্ট নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কক্ষ ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
প্রশাসন ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মনযুর-উল-হায়দার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দিন গুনছি... আসছে আমার আনন্দের আগস্ট’ শীর্ষক একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে শিক্ষকের বসার কক্ষ ভাঙচুর করেন।
এ বিষয়ে মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, এ বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আগস্ট মাসে আমার, আমার মায়ের জন্মদিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি পেপার জমা দেওয়ার কথা রয়েছে। তাই এ পোস্ট দিয়েছি। পরে আমার এক সহকর্মী ওই পোস্ট নিয়ে ভুল-বোঝাবুঝি হতে পারে মর্মে সতর্ক করলে তা রোববারই মুছে দিই।’