শাহজালালে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির প্রথম সভা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রথম সভা করেছে। আজ বুধবার দুপুরে ওই কমিটির প্রথম সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞান অনুষদের ডিন ও কমিটির আহ্বায়ক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে আজ তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুসারে প্রক্টরিয়াল কমিটির সদস্যরা, ঘটনার দিন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, বিবদমান ছাত্র, ভিডিও মাধ্যমে ও অন্য কারও মাধ্যমে চিহ্নিত ঘটনার সঙ্গে জড়িত ছাত্র, হল প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা, কর্তব্যরত চিকিৎসকেরা, ক্ষতিগ্রস্ত ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের সাক্ষাৎকার নেওয়া হবে। এ ছাড়া তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে তথ্য-উপাত্ত দেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ঘটনার বিষয়ে কিছু জানা থাকলে আগামী ৩ ডিসেম্বর অফিস চলাকালে লিখিতভাবে জানানোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় তদন্ত কমিটির আহ্বায়ক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।