শাহজালালে সাড়ে চার কেজি সোনাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার কেজি সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমিরুল ইসলাম। তিনি মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে গতকাল রাত একটার দিকে ঢাকায় আসেন।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিকের নেতৃত্বে একটি দল ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়।
সম্প্রীতি প্রামাণিক বলেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেরিয়ে যাওয়ার সময় আমিরুলকে আটক করা হয়। তাঁর শপিং ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। এর ওজন চার কেজি ৪০০ গ্রাম। দাম এক কোটি ৭৫ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।