শাহজালালে সোনাসহ যাত্রী আটক
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সকালে ২৮টি সোনার বারসহ (৩ দশমিক ২৫ কেজি) মো. বাহার নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আটক হওয়া ব্যক্তি আজ সকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। উদ্ধার হওয়া সোনার বারগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, তল্লাশির সময় সোনার বারগুলো আটক ব্যক্তির জুতা ও শরীরের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. বাশারকে সকাল সাড়ে আটটার দিকে আটক করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। তল্লাশি চলছে।