শাহজালালে স্বজনেরা সেভাবেই আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের ভিড় কমছে না। যেমন ছিল, তেমনই আছে। যাত্রীর সঙ্গে একজনের বেশি স্বজন না নেওয়ার অনুরোধ করে গত ২৫ মার্চ নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। এরপর কয়েক দফায় জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে সচেতন করে দিয়েছে। তবুও বিদেশগামী যাত্রীর সঙ্গে স্বজনের ভিড় কমছে না।

বিমানবন্দর সড়কের গোলচত্বর এলাকায় গত ২৪ মার্চ সন্ধ্যায় পুলিশের একটি তল্লাশিচৌকির কাছে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনাকে ‘আত্মঘাতী বোমা হামলা’ দাবি করে এর দায় স্বীকার করে ইসলামিক স্টেট বা আইএস। এরপরই বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও জনস্বার্থে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সম্প্রতি বিমানবন্দর এলাকা ঘুরে দেখা গেছে, বিমানবন্দর ঢোকার আগে মহাসড়কের এক পাশে মানুষের জটলা। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে পুলিশ সরিয়ে দিচ্ছে। পরে স্বজনেরা সড়কের পাশে ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। আর ফুটপাতের পাশে একটি মাঠেও অনেককে বসে, আবার কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এখানে অপেক্ষমাণ কারও আত্মীয় দেশের বাইরে যাবেন আবার কেউ দেশে ফিরবেন।

অপেক্ষমাণ এক স্বজন মিনারা বেগম। তাঁর মেয়ে রেশমা বেগম জর্ডান যাবেন, তাঁরা সবাই এসেছেন বিদায় জানাতে। মিনারা জানান, তাঁরা মোট নয়জন এসেছেন। এর মধ্যে রেশমার দুটি শিশুও আছে। এখানে একজনের বেশি আসা নিষেধ, এটা জানেন কি না—এ প্রশ্নের জবাবে মিনারা জানিয়েছেন, মন মানে না। এ জন্য এখানে এসেছেন।

সৌদি আরবগামী অপর এক যাত্রীর সঙ্গে তাঁর মা-বাবাসহ এসেছেন আটজন। সবাই এসেছেন নরসিংদী থেকে। তাঁদের কাছেও একই প্রশ্ন করা হলে আকবর আলী নামের একজন বলেন, তাঁরা বিষয়টি জানেন কিন্তু পরিবারের সদস্যরা জোর করে চলে এসেছেন।

এ ছাড়া বিদেশগামী যাত্রীদের স্বজনেরা অভিযোগ করেন, বিমানবন্দর কর্তৃপক্ষের এই নির্দেশনা গ্রামের অনেক মানুষ জানে না। অনেক ব্যক্তি আছেন, যিনি প্রথমবারের মতো ঢাকায় এসেছেন নিজের সন্তান কিংবা আত্মীয়কে বিদায় জানাতে। তাঁরা কীভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা জানবেন বলেও প্রশ্ন করেন অনেকে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদুল ইসলাম বলেন, বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্বজনদের একটু কষ্ট মেনে নিতেই হবে। আগের তুলনায় স্বজনদের ভিড় অনেকটা কমে গেছে। আর কিছুদিন গেলে যেটুকু ভিড় হচ্ছে তা-ও থাকবে না। তিনি বিদেশগামী যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে সবার কাছে সহযোগিতা কামনা করেন।