শাহজালালে ১০ কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আজ মঙ্গলবার ৮৩টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর ওজন প্রায় ১০ কেজি। দাম পাঁচ কোটি টাকা। এ ঘটনায় ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আজ ভোর পৌনে ছয়টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি বিমানের এক যাত্রীর কাছ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম আলো উদ্দিন। তাঁর বাড়ি নোয়াখালী। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাত কেজি ৪৬৪ গ্রাম। দাম প্রায় তিন কোটি ৭৪ লাখ টাকা।

সকাল সাড়ে সাতটার দিকে দুবাই থেকে আসা আরেকটি বিমানের এক যাত্রীর কাছ থেকে ১৯টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ শাহজাহান। তাঁর বাড়ি চট্টগ্রামে। আটক হওয়া সোনার ওজন প্রায় দুই কেজি ২৩ গ্রাম। দাম প্রায় এক কোটি ১১ লাখ টাকা।