শাহজালালে ১৮ কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকালে ১৮ কেজি সোনা আটক করা হয়েছে। ফাইল ছবি
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকালে ১৮ কেজি সোনা আটক করা হয়েছে। ফাইল ছবি

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকালে ১৮ কেজি সোনা আটক করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজের যাত্রী বহনকারী বাসের ভেতর থেকে এগুলো আটক করা হয়।
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওমানের মাসকট থেকে ইউনাইটেডের একটি ফ্লাইট আজ সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে একটি বাসে করে যাত্রীদের লাউঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই বাসের চালকের পাশে একটি গর্তের ভেতর থেকে কাস্টমস ও শুল্ক পুলিশ কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৫টি সোনার বার উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমসের সহকারী কমিশনার রাশিদুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, উদ্ধার করা সোনার মূল্য সাত কোটি টাকার মতো।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ইউনাইটেড এয়ারওয়েজের বাসচালক কবিরের ব্যাপারে তদন্ত করা হবে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইনে একটি মামলা হয়েছে।
গত ৬ জুলাই থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। ৬ জুলাই কুয়েত থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে ২৫ কেজি, ২৪ জুলাই কাঠমান্ডু থেকে বিমানেরই আরেকটি উড়োজাহাজের ভেতরে ১২৪ কেজি এবং ২০ আগস্ট হংকং থেকে ঢাকা বিমানের যাত্রী দীপক কুমার আচার্যের কাছ থেকে আট কেজি স্বর্ণ আটক করা হয়।