শাহজালালে ২০ কেজি সোনা আটক, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এসব সোনার বাজারমূল্য ১০ কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ১১টার দিকে বিমানবন্দরে কাস্টমসের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এ বারগুলো উদ্ধার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনজিলা হোসেন (২৬), শাহনাজ হোসেন (৪৪), আদা নাবিল ইবনে একরাম (২৮) ও মোবারক হোসেন মোল্লা (৩৫)। তাঁদের মধ্যে মোবারক সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষী। তিনি ওই তিনজনকে বিমানবন্দর থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছিলেন।

এদিকে গ্রেপ্তার শাহনাজ আনজিলা হোসেনের মা। আর একরাম আনজিলার স্বামী। ওই তিনজনের বাড়ি রাজধানীর বারিধারায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের তল্লাশি করেন। পরে ওই চারজনের শরীরের ভেতর লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে এসকিউ ৪১৯ ফ্লাইটের একটি বিমানে করে সোনাগুলো আনা হয়।

শুল্ক, গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেছেন, সিভিল এভিয়েশনের ওই কর্মচারী বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রটিকে নিরাপদে বের হয়ে যাওয়ার পথ করে দিচ্ছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।