শাহজালালে ২০ কেজি সোনা উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার রাতে ২০ কেজি সোনার বারসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এঁদের মধ্যে দুজন নারী ও একজন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কর্মী রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন শাহনাজ হোসেন (৪৪), আনজিলা হোসেন (২৬), নাভিল ইবনে একরাম (২৭) ও সিভিল এভিয়েশনের কর্মী মোবারক হোসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে নামেন ওই তিনজন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করে তল্লাশি করা হয়। এ সময় দুই নারীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ২০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর প্রতিটির ওজন এক কেজি। এদিকে আটক যাত্রীদের বিমানবন্দরে সাহায্য করছিলেন মোবারক হোসেন। এ কারণে তাঁকে আটক করা হয়েছে।
আটক যাত্রীরা একই পরিবারের বলে জানা গেছে। এর মধ্যে নাভিল ও আনজিলা স্বামী-স্ত্রী, আর শাহনাজ হচ্ছেন আনজিলার মা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সিঙ্গাপুর থেকে তথ্য দেওয়া হয়েছিল এই সোনা চোরাচালানের বিষয়ে। সেই তথ্য পেয়ে রাত নয়টা থেকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্রস্তুত ছিলেন।