শাহজালালে ২২ কেজি সোনা উদ্ধার, তিনজন আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় ২২ কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া এসব সোনার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
বিমান বন্দর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে খবর আসে ওই বিমানের দুই যাত্রী তাদের সঙ্গে আনা ১০ কেজি সোনা বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামের মাধ্যমে পাচার করছে। ওই তথ্যের ভিত্তিতে শুল্ক কর্মকর্তা ও এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে যাত্রী মনির হোসেন ও আবুল হোসেনকে আটক করে তাঁদের কাছ থেকে ১০ কেজি সোনা উদ্ধার করে।
এর আগে সাড়ে সাতটার দিকে দুবাই থেকে আমিরাত এয়ারওয়েজের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা যাত্রীদের লাগেজ রাখার স্থান থেকে ১২ কেজি ৬৬৪ গ্রাম সোনা উদ্ধার করে। তবে ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শরিফ-উজ-জামান প্রথম আলোকে বলেন, সোনা পাচারে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তাকর্মী সাইফুলের যোগসাজশ থাকতে পারে। উদ্ধার সোনার মূল্য প্রায় ১০ কোটি টাকা। আটক তিনজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গতকাল বুধবার শুল্ক কর্মকর্তা ও এপিবিএন শাহজালাল বিমানবন্দরে পাঁচ কেজি ওজনের ৪০টি বারসহ পরিচ্ছনতাকর্মী জয়নাল আবেদিনকে আটক করে।
গত বছরে শাহজালাল বিমানবন্দর থেকে ৪০৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।