সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলামের প্রাইভেট কারের চাপায় কলেজশিক্ষকসহ দুজন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত রোববার রাতে নিহত কলেজশিক্ষক শেখ আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী বাদী হয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানায় এ মামলা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, এজাহারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনার অভিযোগ করা হয়েছে। এতে গাড়িচালক অধ্যাপক আরিফুলকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে। ওসি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গত শনিবার দুপুরে আরিফুল ইসলাম তাঁর গাড়ি চালনা শেখার সময় ওই দুর্ঘটনা ঘটে। এতে পথচারী গিয়াস উদ্দিন, তাঁর ভাতিজা শেখ আতাউর রহমান ও তাঁর মেয়ে রাহিবা রহমানকে চাপা দিয়ে প্রাইভেট কারটি উল্টে যায়। ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পর আতাউর মারা যান।
পুলিশ জানায়, ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাকসেলারেটরে চাপ দিলে নিয়ন্ত্রণহীন হয়ে গাড়িটি পথচারীদের চাপা দেয়।
দুর্ঘটনায় অধ্যাপক আরিফুল আহত হওয়ার পর প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিস্থিতি এড়াতে তিনি সপরিবারে আত্মগোপন অবস্থায় রয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় ওই অধ্যাপকের কোয়ার্টার তালাবদ্ধ রয়েছে।
গতকাল সোমবার যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জুবায়ের আহমদ বলেন, গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অধ্যাপক আরিফুল একটি ছুটির আবেদন করেছেন। এতে ২৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি চিকিৎসাজনিত কারণে ছুটি চেয়েছেন।
এদিকে দুর্ঘটনার জন্য দায়ী অধ্যাপকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধনে চার শতাধিক শিক্ষার্থী একাত্ম হন। পরে মৌন মিছিল শেষে মুক্তমঞ্চে সমাবেশ হয়। সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক শাহনেয়াজ পাভেলের সভাপতিত্বে দৃক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন, মাভৈ আবৃত্তি সংসদের সভাপতি গিয়াস বাবু, শিকড় সভাপতি জেনিফার কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারওয়ার তুষার বক্তব্য দেন। বক্তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচল নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।