শাহজালালের উপাচার্য দেড় ঘণ্টা অবরুদ্ধ
পোষ্য কোটা বাতিলের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজ শনিবার দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে সিন্ডিকেট সদস্যরা বিষয়টি পর্যালোচনা করতে একাডেমিক কাউন্সিলে পাঠানোর কথা জানালে আন্দোলনকারীরা চলে যান।
প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। এই বৈঠকে পোষ্য কোটার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা শুনে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা সেখানে অবস্থান শুরু করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্য মোহাম্মদ আমিনুল হক ভূইয়ার কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
উপাচার্যকে অবরুদ্ধ করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন প্রক্টর হিমাদ্রী শেখর রায়। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা নিয়মতান্ত্রিকভাবে কিছু করছেন না।’
আন্দোলনকারীদের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শমসের রাসেল বলেন, ‘আমরা যত রকম নিয়মতান্ত্রিকভাবে সম্ভব, সব রকমভাবেই বিষয়টির প্রতিবাদ করেছি। তার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে না আসায় অনেকটা বাধ্য হয়েই আমরা অবস্থান ধর্মঘট করছি।’
পরে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের একটি দল সিন্ডিকেট বৈঠকে যোগ দেওয়া সদস্যদের সঙ্গে কথা বলতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে বের হয়ে আন্দোলনকারীদের সমন্বয়ক শমসের রাসেল বলেন, ‘সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা হয়েছে। সিন্ডিকেট বিষয়টি রিভিউ (পর্যালোচনা) করার জন্য একাডেমিক কাউন্সিলে পাঠাবে।’
এরপর উপাচার্য কার্যালয়ের সামনে থাকা আন্দোলনকারীরা চলে যান। উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে দেওয়া তালাও খুলে নেওয়া হয়।
দুপুর সোয়া একটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠক চলছিল।
আরও পড়তে ক্লিক করুন
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর পর পোষ্য কোটা চালু