শাহজালালের উপাচার্য দেড় ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোষ্য কোটা বাতিলের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজ শনিবার দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।


সিদ্ধান্তটি পর্যালোচনা করা হবে—সিন্ডিকেটের সদস্যদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে নিয়ে আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শমসের রাসেল এ দাবি করেন।


তবে বিকেলে সিন্ডিকেটের বৈঠক শেষে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া জানিয়ে দেন, পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার প্রশ্নই আসে না।


বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে (২০১৩-১৪) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রথমবারের মতো পোষ্য কোটায় সাতজনকে ভর্তি করার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। এ কোটায় ভর্তি হন একজন শিক্ষকের, দুজন কর্মকর্তার এবং বাকি চারজন কর্মচারীর সন্তান।


প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। এই বৈঠকে পোষ্য কোটার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা শুনে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।


বেলা ১১টার দিকে তাঁরা সেখানে অবস্থান শুরু করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

উপাচার্যকে অবরুদ্ধ করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন প্রক্টর হিমাদ্রী। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা নিয়মতান্ত্রিকভাবে কিছু করছেন না।’


আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল বলেন, ‘আমরা যত রকম নিয়মতান্ত্রিকভাবে সম্ভব, সব রকমভাবেই বিষয়টির প্রতিবাদ করেছি। তার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে না আসায় অনেকটা বাধ্য হয়েই আমরা অবস্থান ধর্মঘট করি।’


পরে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের একটি দল সিন্ডিকেট বৈঠকে যোগ দেওয়া সদস্যদের সঙ্গে কথা বলতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে বের হয়ে আন্দোলনকারীদের সমন্বয়ক বলেন, ‘সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা হয়েছে। সিন্ডিকেট বিষয়টি রিভিউ (পর্যালোচনা) করার জন্য একাডেমিক কাউন্সিলে পাঠাবে।’

এরপর উপাচার্য কার্যালয়ের সামনে থাকা আন্দোলনকারীরা চলে যান। উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে দেওয়া তালাও খুলে নেওয়া হয়।


বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিন্ডিকেটের সভা চলে। যোগাযোগ করা হলে বিকেল পাঁচটার দিকে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে সিন্ডিকেট সদস্যদের বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত রিভিউয়ের প্রশ্নই আসে না। কারও কোনো বক্তব্য থাকলে সেটা নিয়মতান্ত্রিকভাবে একাডেমিক কাউন্সিলে যাবে।’


এ ব্যাপারে জানতে চাইলে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাসেল বলেন, ‘পোষ্য কোটা বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনার জন্য ফেরত পাঠানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করেছি। উপাচার্য এখন ভিন্ন কথা বললে আমাদের কিছু করার নেই। এর আগেও তিনি আমাদের সামনে এক কথা, পেছনে অন্য কথা বলেছেন। তাঁর বক্তব্যে আমরা মোটেও অবাক হইনি।’

আরও পড়তে ক্লিক করুন