বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন (কার্গো) বন্ধ করে দেওয়ার তিন দিন পর আজ বুধবার এ নিয়ে ঢাকায় আলোচনায় বসছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা এয়ারলাইনসের একটি প্রতিনিধিদল। তারা হজরত শাহজালাল বিমানবন্দরের নিরপত্তাব্যবস্থা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। প্রধান লুফথানসার সিঙ্গাপুরস্থ আঞ্চলিক কার্যালয়ের প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত রাতে ঢাকায় আসার কথা।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরাসরি কার্গো নেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটা জার্মান সরকারের নয়, দেশটির বিমান সংস্থা লুফথানসার। বিষয়টি বিমান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বেবিচককে অবহিত করা হয়নি। লুফথানসার পক্ষে বাংলাদেশ বিমানকে জানানো হয়েছে যে বিমানবন্দরের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহন করবে না তারা। বাংলাদেশ বিমানকে জার্মান ভাষায় লেখা চিঠিতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লুফথানসা বলেছে, ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’। কী কারণে কিংবা কোন সূত্রের তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা লুফথানসার প্রতিনিধিদল এলে আলোচনা করা হবে।
গতকাল রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আরএ-৩ মর্যাদা পায় (যাতে ঢাকা থেকে কার্গো পরিবহনে ইউরোপীয় ইউনিয়ন তিনটি বিমান সংস্থা—লুফথানসা, বাংলাদেশ বিমান ও ইতিহাদকে অনুমতি দেয়)। এরপর হঠাৎ কার্গো পরিবহন বন্ধ করে দেওয়াটা বোধগম্য নয়।
গত রোববার থেকে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় জার্মানির বিমান সংস্থা লুফথানসা। এর ফলে বাংলাদেশ থেকে জার্মানিতে পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিজিএমইএর কর্মকর্তারা। কারণ, বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে একক দেশ হিসেবে জার্মানি দ্বিতীয় বৃহত্তম।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও মার্চে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে যুক্তরাজ্যের পরামর্শে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার, বিশেষ করে কার্গো স্ক্রিনিং আন্তর্জাতিক মানে নেওয়ার লক্ষ্যে ওই দেশের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইনকে নিয়োগ করা হয়।