ব্রিটিশ কর্তৃপক্ষের উদ্বেগ জানানোর পর বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি কড়াকড়িসহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে
শাহজালালের নিরাপত্তা যাচাই করছে যুক্তরাজ্য
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা যাচাই করতে এক মাসের মাথায় আবারও ঢাকায় এসেছেন ব্রিটিশ বিমান নিরাপত্তা গোয়েন্দাদের আঞ্চলিক কর্মকর্তা জন লেগোভস্কি। তিনি গতকাল মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। দিল্লি থেকে আসা এই ব্রিটিশ কর্মকর্তা দুই দিনের সফরে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্গো শাখা এবং ঢাকা-লন্ডন ফ্লাইটের নিরাপত্তাব্যবস্থাও খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
বেসামরিক বিমান পরিবহন (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, সম্প্রতি সন্ত্রাসীদের পেতে রাখা বোমায় মিসরের শারম আল শেখ বিমানবন্দর থেকে উড়ে যাওয়া একটি রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট বাংলাদেশসহ আরও কিছু দেশকে বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে তাগাদা দিচ্ছে। বিশেষ করে যেসব দেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি বিমান যায়, সেসব দেশের ওপর তারা নজর দিচ্ছে। এরই অংশ হিসেবে ব্রিটিশ বিমান নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা আঞ্চলিক কর্মকর্তা জন লেগোভস্কি গত ১১ নভেম্বর ঢাকায় আসেন। তিনি সরেজমিন পরিদর্শনে নিরাপত্তা ব্যবস্থাপনায় অনেকগুলো দুর্বলতা দেখতে পান। বিশেষ করে শাহজালাল বিমানবন্দর পরিদর্শনকালে দুর্বল নিরাপত্তাব্যবস্থা, স্ক্যানিং মেশিনের কার্যকারিতা এবং এর অপারেটরদের অদক্ষতা দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এরপর ব্রিটিশ কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য কিছু পর্যবেক্ষণসহ লিখিতভাবে তাগাদা দেয়। তাতে বিমানবন্দরে লোকজনের যাওয়া-আসা, মালামাল (ব্যাগেজ) ব্যবস্থাপনা, বিস্ফোরক চিহ্নিত করার ব্যবস্থা এবং উড়োজাহাজে খাদ্য সরবরাহব্যবস্থায় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া হয়। সেসব পরামর্শ কতটা বাস্তবায়ন করা হয়েছে, তা স্বচক্ষে দেখার জন্য একই কর্মকর্তা আবার ঢাকায় এসেছেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য উদ্বেগ জানানোর পর বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরে ইতিমধ্যে শক্তিশালী স্ক্যানিং মেশিন ও বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন বসানো হয়েছে। যাত্রীদের চেক-ইনের সময় নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হয়েছে। মালামাল ব্যবস্থাপনায় জড়িত কর্মীদের ব্যাপারে গোয়েন্দা ও পুলিশের নিরাপত্তা ছাড়পত্র নেওয়া হচ্ছে। ঢাকা-লন্ডন ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিংয়ের জন্য নেওয়া হয়েছে তিন স্তরের ব্যবস্থা। একই সঙ্গে কাজ করছে র্যা বের ডগ স্কোয়াড।
এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েকবার বিমানবন্দরের পরিচালকের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।