শাহজালালের শিক্ষার্থীদের বাসে আবার শিবির কর্মীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসে আবার চোরাগোপ্তা হামলা চালিয়েছে ধর্মঘট ডাকা ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।গতকাল মঙ্গলবার তারা দক্ষিণ সুরমার লাউয়াই ও নগরের শাহি ঈদগাহ এলাকায় দুটি বাসে ইট-পাটকেল ছুড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এ কথা জানা যায়।একটি হামলার ঘটনায় চোখে আঘাত পেয়ে আহত হন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিইসি) বিভাগের ছাত্র প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিন।এ ঘটনায় মহানগর পুলিশের বিমানবন্দর থানা, দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানায় তিনটি মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। এতে শিবিরের অজ্ঞাত নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। বিকেলে পুলিশ লাউয়াই এলাকা থেকে শিবির কর্মী আবদুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে। আবদুর রহমান দক্ষিণ সুরমার কদমতলীর স্বর্ণশিখা আবাসিক এলাকার বাসিন্দা।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল সাড়ে নয়টার দিকে শাহি ঈদগাহ এলাকা দিয়ে যাওয়ার সময় বাইরে থেকে এলোপাতাড়ি ছোড়া ইট-পাটকেলের আঘাতে তাঁদের বাসের জানালার কাচ ভেঙে যায়। এ সময় ভেতরে থাকা মিসবাহ উদ্দিনের ডান চোখে কাচের গুঁড়ো এসে পড়লে তিনি আহত হন। নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।একজন শিক্ষার্থীর ভাষ্যমতে, বাস লক্ষ্য করে ইট ও পাথরের টুকরো ছোড়ার সময় হামলাকারীদের পক্ষ থেকে ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই’, ‘ধর্মঘট মানতে হবে’—এসব স্লোগান দেওয়া হচ্ছিল। হামলার সময় বাসে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা বাস থেকে নামার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।মিসবাহর ভাষ্য, শিক্ষার্থীদের বাসে শিবিরের কর্মীরা চোরাগোপ্তা হামলা চালাতে পারে—এমন আশঙ্কা আগেই ছিল। এর পরও গতকাল সকালে তিনি শাহি ঈদগাহ এলাকার বাসা থেকে ওই বাসে ওঠেন। বাসটি কমিউনিটি সেন্টারের কাছাকাছি এলাকায় পৌঁছালে বিক্ষিপ্তভাবে ঢিল আসতে থাকে। কারা ঢিল ছুড়ছে তা দেখতে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান। এ সময় জানালা ভেঙে কাচের গুঁড়ো তাঁর চোখে এসে পড়ে।হাসপাতালের চিকিৎসক পরিতোষ কান্তি তালুকদার জানান, মিসবাহর ডান চোখে কাচের গুঁড়ো ঢুকেছে। দুই দফা পরীক্ষার পর চোখ থেকে বেশির ভাগ গুঁড়ো বের করা হয়েছে। চোখের ভেতর কোনো ক্ষত পাওয়া যায়নি। এতে চোখের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে তাঁদের ধারণা। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।পরে মিসবাহর অবস্থা দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইলিয়াসউদ্দিন বিশ্বাস, প্রক্টর হিমাদ্রি শেখর রায় প্রমুখ।উপাচার্য প্রথম আলোকে বলেন, মিসবাহের চিকিৎসার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশি পাহারা সত্ত্বেও বাসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উপাচার্য। তিনি নজরদারি আরও বাড়াতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, চলন্ত অবস্থায় বাসে বিক্ষিপ্তভাবে হামলা হয়েছে। এগুলো চোরাগোপ্তা হামলা। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে হামলাকারী শনাক্ত করতে রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে ও বাসগুলোতে বিশেষ ক্যামেরা বসানো হবে। এর আগে সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় একইভাবে আরেকটি বাসে চোরাগোপ্তা হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা। গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগের সংঘর্ষ হয়। এর জের ধরে ১৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট আহ্বান করে ছাত্রশিবির। ধর্মঘট উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অব্যাহত রাখায় শিবির কর্মীরা সিলেট নগরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়গামী বাসে চোরাগোপ্তা হামলা চালানোর কৌশল নেয়। গত ১৫ দিনে এ নিয়ে শিক্ষার্থী বহনকারী কমপক্ষে সাতটি বাসে হামলার ঘটনা ঘটল।