শাহজাহান ওমরের অব্যাহতির বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে দণ্ডাদেশ থেকে অব্যাহতি দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন। একই সঙ্গে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে শাহজাহান ওমরকে জামিননামা দিতে বলা হয়েছে।
সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর গুলশান থানায় শাহজাহান ওমরের বিরুদ্ধে মামলাটি করে দুদক। ওই মামলায় ২০০৮ সালের ১৪ মে বিচারিক আদালতের রায়ে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাঁকে খালাস দেন। এই খালাস আদেশের বিরুদ্ধে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর লিভ টু আপিল করে দুদক। লিভ টু আপিল মঞ্জুর করে আজ আদালত আদেশ দেন।
আদালতে শাহজাহান ওমরের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল মঞ্জুর করেছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে জামিননামা দিতে বলেছেন। আপিল বিভাগের এই আদেশের অনুলিপি পেয়ে সারসংক্ষেপ তৈরি করে নিয়মিত আপিল করা হবে।