শাহজাহান ওমরের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল দুদক
সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে দণ্ডাদেশ থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন।
আদালতে শাহজাহান ওমরের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, শাহজাহান ওমরকে খালাসের ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন আদালত।
আইনজীবী সূত্র জানায়, সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর গুলশান থানায় শাহজাহান ওমরের বিরুদ্ধে মামলাটি করে দুদক। ওই মামলায় ২০০৮ সালের ১৪ মে বিচারিক আদালতের রায়ে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শাহজাহান ওমর। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাঁকে খালাস দেন। এ খালাস আদেশের বিরুদ্ধে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর লিভ টু আপিল করে দুদক।