শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি হত্যা মামলায় সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ২৫ মার্চ চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকায় বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় টমটমচালক মো. মুসা দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশ হত্যা এবং বিস্ফোরক আইনে মামলা করে। তদন্ত শেষে চান্দগাঁও থানার পুলিশ গত বছরের ২৭ মার্চ জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসে। আদালত গতকাল অভিযোগপত্র আমলে নিয়ে মামলার পলাতক আসামি শাহজাহান চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।