গাড়িচালককে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ পরোয়ানা জারি করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁও থানার একটি হত্যা মামলার ধার্য দিনে শাহজাহান চৌধুরী আদালতে হাজির হননি। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ১৩ মার্চ নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় একটি টমটম গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান গাড়িচালক মোহাম্মদ মুছা। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাছান হত্যা মামলা করেন। তদন্ত শেষে শাহজাহান চৌধুরীসহ জামায়াত-শিবিরের ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।