চাঁদাবাজির মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৬ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া গতকাল সোমবার এ রায় দেন।আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১০ ও ১৭ মার্চ দুই দফায় চাঁদা দাবি করায় জনৈক নূর আহম্মদ সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ জামায়াত-শিবিরের ১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ মে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১০ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।সূত্র জানায়, ছয়জন আদালতে সাক্ষ্য দেন, যেখানে শাহজাহান চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। তাই আদালত ১৬ জনকে খালাস দেন।চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সাক্ষীরা ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে আদালতে জানান। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে তাঁদের বৈরী ঘোষণা করা হয়।