শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৮৪ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বিডিআরের গুলিতে নিহত জাসদ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহজাহান সিরাজের ৩০তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালন করা হয়েছে।
শহীদ শাহজাহান সিরাজ স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল সকালে সদর উপজেলার গোদাগাড়ী গ্রামে শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করে কবর জিয়ারত করা হয়। শহীদের বাসভবনে আয়োজন করা হয় দোয়া মাহফিলের।
গতকাল বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে স্মৃতি সংসদের সভাপতি কাজী বোরহানের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব শাহজাহান শাহ, দিনাজপুর উদীচীর সহসভাপতি রেজাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জাসদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শ্রমিক নেতা সহিদুল ইসলাম ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বক্তৃতা করেন।