পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি মো. শাহজাহানের আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাতে শাহজাহানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মাহমুদা হত্যা মামলার আসামি মো. শাহজাহানকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন শাহজাহান। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে তা দেখা গেছে। হত্যাকাণ্ডে আর কারা অংশ নিয়েছেন, কার নির্দেশে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন—শাহজাহানের কাছ থেকে এসব বিষয় জানার চেষ্টা করা হচ্ছে। প্রথম দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও বেশ কিছু তথ্যের প্রয়োজন। তাই দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়েছে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম খুন হন। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন।
তদন্ত কর্মকর্তা জানান, শাহজাহানের দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হওয়ার পর আসামি এহতেশামুল হক ওরফে ভোলা ও মুছার ভাই সাইদুল শিকদার ওরফে সাকুকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ১৭ জুলাই এই তিনজনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।