শাহদীন মালিকের মন্তব্যে তদন্ত সংস্থার প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত ‘ট্রাইব্যুনালের কৌঁসুলিদের মনোনয়নপত্র কেনা নিয়ে প্রশ্ন’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশ নিয়ে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মো. আবদুল হান্নান খান। গতকাল মঙ্গলবার পাঠানো বক্তব্যে তিনি বলেন, ‘আইনবিদ শাহদীন মালিক তাঁর মতামতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তদন্ত সংস্থার সদস্যদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়াকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন।’

এর জবাবে হান্নান খান বলেন, বিচার কার্যক্রমে বিচারক, সরকারপক্ষ ও বিবাদীপক্ষ থাকে। এখানে বিচারক ছাড়া কেউ নিরপেক্ষ নন। অনৈতিক ও অন্যায় শব্দ দুটির অর্থ প্রায় কাছাকাছি। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্ত সংস্থার সদস্যদের লক্ষ্য থাকে অভিযুক্ত ব্যক্তিকে কীভাবে শাস্তি দেওয়া যায়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিচারকেরাও ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দল থেকে নির্বাচিত হন।

স্টিফেন র‌্যাপ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মানবাধিকার-বিষয়ক দূত। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উগান্ডা বা কঙ্গোর প্রসিকিউটর ছিলেন। তাঁর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কেউ নৈতিকতার প্রশ্ন তোলেননি। বাংলাদেশে সংবিধান মেনে বিচারক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া ব্যক্তিরা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন, এ ক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন তোলার সুযোগ নেই। তাই তদন্ত সংস্থার সদস্যরা নির্বাচন করার জন্য মনোনয়ন চাইলে বিচারের মান কেন ক্ষুণ্ন হবে, তা বোধগম্য নয়। বিজ্ঞপ্তি।