কুমিল্লার লাকসাম পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তারকে ঠেকাতে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
শাহনাজ আক্তার পৌর বিএনপির সভাপতি ‘নিখোঁজ’ হুমায়ুন কবীর পারভেজের স্ত্রী ও দেশে বিএনপির একমাত্র নারী মেয়র প্রার্থী। শাহনাজ বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা করছেন স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলাম। আর সাংসদের শ্যালক লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, এপিএস মনিরুল ইসলাম ওরফে রতন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খানের নেতৃত্বে জনগণকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁরা বিএনপির সাবেক সাংসদের গাড়ি ভাঙচুর করেছেন। সর্বশেষ গত শনিবার রাতে লাকসাম বাইপাস এলাকায় বিএনপির নেতা আমির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আর থানার ওসি নিজেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এসব বিষয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেননি রিটার্নিং কর্মকর্তা। এভাবে একের পর এক আতঙ্ক ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। তবে প্রশাসন চাইলে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।
লাকসাম জংশন, বাইপাস ও বাজারে গিয়ে দেখা যায়, বিএনপির মেয়র প্রার্থীর পোস্টার ছেঁড়া। শুধু সুতা ঝুলছে খুঁটিতে। লাকসাম পৌরসভার নয়টি ওয়ার্ডেই বিএনপির মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আবুল খায়ের গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির মেয়র প্রার্থী এমন অভিযোগ করছেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কাউকে ভয়ভীতি দেখাচ্ছেন না। বিএনপি নির্বাচনে না জেতা পর্যন্ত এ অভিযোগ তুলবেই। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
সাংসদ মো. তাজুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার নিজ বাসায় পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছি। এখান থেকে কোনো ধরনের নির্বাচনী তৎপরতা হচ্ছে না। কাউকে নিয়ে সভাও করছি না।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, লাকসামের ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। বিএনপির প্রার্থীর যেসব অভিযোগ, সেগুলো তদন্ত করে নির্বাহী হাকিম ব্যবস্থা নিচ্ছেন।
ওসি মনোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’