শাহনারা আপার 'আলো ইশকুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলীর চিড়িয়াখানা সড়কের একটি অস্থায়ী ভবনে চলছে শাহনারা বেগমের ‘আলো প্রাথমিক বিদ্যালয়’। পাঠদানের এই ছবিটি গত বুধবার দুপুরে তোলা l সৌরভ দাশ
চট্টগ্রামের পাহাড়তলীর চিড়িয়াখানা সড়কের একটি অস্থায়ী ভবনে চলছে শাহনারা বেগমের ‘আলো প্রাথমিক বিদ্যালয়’। পাঠদানের এই ছবিটি গত বুধবার দুপুরে তোলা l সৌরভ দাশ

শাহনারা বেগমের যখন বিয়ে হয়, তখন তিনি দশম শ্রেণির ছাত্রী। বিয়ের পর লেখাপড়ার পাট চুকে যায় তাঁর। বাবার বাড়ি চাঁদপুর থেকে স্বামীর সঙ্গে চলে আসেন চট্টগ্রাম নগরের খুলশীর আকবর জমিদার কলোনিতে। ঘর সামলানোর কাজে ব্যস্ত থাকতে হয় ‘বাল্যবধূ’ শাহনারাকে। তবে লেখাপড়া করতে না পারার কষ্টটা তাঁকে পোড়াতে থাকে।
চট্টগ্রাম শহরে এসে দেখেন কলোনির শিশুরা বেড়ে উঠছে শিক্ষা ছাড়াই। সন্তানদের লেখাপড়া করাতে মা-বাবারও গরজ কম। বিষয়টি ভাবায় শাহনাকে। ঠিক করেন কলোনির ছেলেমেয়েদের নিজেই পড়াবেন। সেই শুরু। দিনে দিনে তাঁর এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে কলোনিতে। একই সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যাও। একসময় তা ছোটখাটো স্কুলে রূপ নেয়। নাম দেওয়া হয় ‘আলো প্রাথমিক বিদ্যালয়’। তবে কলোনির লোকজন চেনেন ‘শাহনারা আপার আলো ইশকুল’ নামে। এটি ২০০১ সালের কথা। এখন এই বিদ্যালয়ের পাঠদান চলছে নগরের পাহাড়তলীর ফয়’স লেক চিড়িয়াখানা সড়কের একটি অস্থায়ী ভবনে।
কেন বস্তিবাসী শিশুদের জন্য বিদ্যালয় খুলেছেন, জানতে চাইলে শাহনারা বলেন, তাঁর স্বামী জয়নাল আবেদীন পড়ালেখা করতে পারেননি। এখন একটি প্রতিষ্ঠানে প্রহরীর কাজ করেন। স্বামীর অনুপ্রেরণায় বস্তিবাসী ও অসহায় শিশুদের জন্য এ বিদ্যালয় চালাচ্ছেন তিনি।
শাহনারা বেগম বলেন, ‘শুরুতে হোঁচট খেয়েছি। কলোনির লোকজন খুব একটা কান দিতেন না আমার কথায়। তাঁদের বোঝাতে হয়েছে। এখন নিজেরাই উদ্যোগী হয়ে বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠান। ২০১০ সালে কলোনিতে আগুন লাগলে পাঁচ-ছয় মাস স্কুলটি বন্ধ থাকে। পরে ওই বছরই চিড়িয়াখানা সড়কের একটি অস্থায়ী ভবনে আবার শুরু করি।’
বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ জন। পাঠদান চলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ১০টা থেকে ১২টা চলে অন্য ক্লাসের পাঠদান। এই বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে নয়জন শিক্ষার্থী। তবে বিদ্যালয়ের নিবন্ধন না হওয়ায় অনুমতি নিয়ে অন্য বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে তারা।
পাঁচ ফুট বাই সাত ফুট আয়তনের জরাজীর্ণ একটি কক্ষই বিদ্যালয়ঘর। একটি কক্ষেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের একসঙ্গে পাঠদান করা হয়।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে মো. সোহাগ। তার বাবা আবু বক্কর দিনমজুর। প্রথম শ্রেণি থেকে সে শাহনারার কাছে পড়ছে। সে জানায়, ‘এখানে পড়তে মজা লাগে। আপা খুব আদর করে।’ তার ইচ্ছা পড়ালেখা করে ‘বড় মানুষ’ হওয়া।
সোহাগের মতো সুস্মিতা রানী সিংহও প্রথম শ্রেণি থেকে এ বিদ্যালয়ে পড়ছে। এখন সে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বাবা তপন চন্দ্র সিংহ চা বিক্রেতা। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেহেরুন নেছার বাবা ইদ্রিস আলী হোটেলের কর্মচারী। এই বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর বাবা দিনমজুরি করে চলেন।
শাহনারা বেগম জানান, দরিদ্র ও সচেতন না হওয়ায় পঞ্চম শ্রেণির পর বেশির ভাগ ছেলেমেয়ের বাবা সন্তানদের আর পড়ালেখা করাতে চান না। আবার বিদ্যালয়ে সবাই নিয়মিত আসেও না। দ্বিতীয় শ্রেণি থেকেই শিক্ষার্থী কমতে থাকে। প্রথম শ্রেণিতে রয়েছে ৭৫ জন। পঞ্চম শ্রেণিতে রয়েছে মাত্র ১০ জন শিক্ষার্থী।
শাহনারা বেগম জানান, একা বিদ্যালয় সামাল দিতে হিমশিম খান তিনি। কলেজপড়ুয়া পাঁচজন শিক্ষার্থী এখন তাঁকে বিদ্যালয় পরিচালনায় সহযোগিতা করে। তাদের মধ্যে তাঁর বড় মেয়ে জান্নাত আক্তারও রয়েছে। সে পাহাড়তলি কলেজে এইচএসসিতে পড়ছে। সে বলে, ‘সময় বের করে আম্মার স্কুলে পড়াই।’
আরেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলে, ‘অসহায় বস্তিবাসী শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে নিজের তাগিদে এখানে পড়াই।’
শাহনারা বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে নামমাত্র মাসিক ৫০ টাকা করে নেওয়া হয়। বেশির ভাগই টাকা দিতে পারে না। নিজে কোনো বেতন নিই না। তিন থেকে চার মাস পর শিক্ষকদের কিছু টাকা দিই। পাঁচ মাস ধরে কোনো শিক্ষককে টাকা দেওয়া হয়নি।’
স্কুলের জন্য স্থায়ীভাবে সরকারি খাসজমি বরাদ্দের জন্য আবেদন করেছেন শাহনারা। জায়গা পেলে বিদ্যালয়ের পরিসর আরও বাড়াবেন বলে জানান তিনি।
আলো প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম পাহাড়তলির ঝাউতলা কলোনি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, ফয়’স লেক এলাকায় ৮ থেকে ১০টি কলোনি ও বস্তি রয়েছে। কিন্তু এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এক কিলোমিটার দূরে পাহাড়তলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আলো প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় বস্তিবাসী শিশুদের মধ্যে কিছুটা হলেও জ্ঞান ছড়াচ্ছে।
জানতে চাইলে পাহাড়তলি থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী বলেন, শাহনারা বেগম স্বেচ্ছায় ভালোবেসে বস্তিবাসী ও অসহায় শিশুদের জন্য স্কুলটি চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবকাঠামোসহ প্রয়োজনীয় সংখ্যক ছাত্রছাত্রী না থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধনের জন্য আবেদন করতে পারছে না। তবু প্রতিবছর এ বিদ্যালয়ে সরকারিভাবে বই দেওয়া হয়।