শাহনূর আসামে গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত শাহনূর আলম গ্রেপ্তার হয়েছেন। আসামের নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে গত শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। পরে তাঁকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেওয়া হয়। 
গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামের দুজন নিহত হন। ওই ঘটনায় বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জড়িত থাকার অভিযোগ ওঠে।
এনআইএ ওই ঘটনায় জড়িত হিসেবে ১১ জনের তালিকা প্রকাশ করে। এর মধ্যে পল্লি চিকিৎসক শাহনূরও ছিলেন। অভিযুক্ত ব্যক্তিদের ধরিয়ে দিতে বিভিন্ন অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করে এনআইএ। শাহনূরকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। শাহনূরের বাড়ি আসামের বরপেটা জেলার চাতলা গ্রামে।
শাহনূর জেএমবির আসাম শাখার একজন সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হয়। গত মাসে পুলিশ শাহনূরের স্ত্রী সুজিনা বেগমকে আসামের গুয়াহাটি থেকে এক নাবালক ছেলেসহ গ্রেপ্তার করে। এর পরই এনআইএ সন্ধান পায় শাহনূরের। কিন্তু একপর্যায়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যান শাহানূর। এবার গ্রেপ্তারের পর পরিচয় নিশ্চিত করার জন্য তাঁর স্ত্রীকে দিয়ে শনাক্ত করা হয় শাহনূরকে। গতকাল শাহনূরকে আসামের কামরূপ আদালতে তোলা হলে আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে দেন।
বর্ধমানের ঘটনায় অন্যতম তিন অভিযুক্ত সাজিদ ওরফে শেখ রহমতউল্লাহ, মিয়ানমারের নাগরিক বলে কথিত খালিদ মোহাম্মদ এবং আবদুল করিমকে এর আগে এনআইএ গ্রেপ্তার করে।
বর্ধমান বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। ওই ঘটনায় বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী জড়িত কি না, তা জানতে গত ১৭ নভেম্বর এনআইয়ের দলটি দুই দিনের সফরে বাংলাদেশে যায়। ফিরতি সফরে ভারতে আসে বাংলাদেশের একটি গোয়েন্দা প্রতিনিধিদল।