শাহপরান গেট এলাকায় পদচারী-সেতুর দাবি
সিলেট সদর উপজেলার শাহপরান গেট এলাকা। চৌরাস্তার সংযোগস্থল। সিলেট ও তামাবিলমুখী মহাসড়কের পাশাপাশি উপজেলার বাহুবল ও শাহপরান মাজার এলাকায় যাওয়ার রাস্তার সংযোগস্থল এটি। প্রতিদিনই যানবাহনের জটলা থাকে এখানে। রাস্তা পারাপারে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। তাই এ স্থানে একটি পদচারী-সেতু নির্মাণে তাঁদের দাবি দীর্ঘদিনের।
স্থানীয় ছয়জন বাসিন্দা ও ব্যবসায়ী জানান, হজরত শাহপরানের (রহ.) মাজারে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জিয়ারত করতে আসেন। যাত্রীবাহী বাস ও অটোরিকশা সারাক্ষণই সড়ক দিয়ে চলাচল করে। এর বাইরে সিলেট-তামাবিল সড়কের পণ্যবাহী ট্রাকও চলাচল করে। এতে রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা।
শাহপরান গেট এলাকার ব্যবসায়ী প্রবীর দেবনাথ (৬০) বলেন, চৌরাস্তায় পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নেয়নি।
খয়রুননেছা নামের পঞ্চাশোর্ধ্ব এক নারী বলেন, ব্যস্ত সড়ক হওয়ায় সারাক্ষণ যান চলাচল করে। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের রাস্তা পারাপারে সমস্যা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এটি নির্মাণে ব্যয় করার মতো বাজেট আমাদের কাছে নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
সিলেট-তামাবিল মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন। এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, ‘আপাতত শাহপরান গেট এলাকায় কোনো পদচারী-সেতু নির্মাণের পরিকল্পনা আমাদের নেই। তবে স্থানীয়রা চাইলে সেখানে পদচারী-সেতু নির্মাণে একটি প্রকল্প গ্রহণে উদ্যোগ নেওয়া হবে।’