শাহপরান থানার ওসি ও পরিদর্শক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজে সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্রের মহড়ার দুদিনের মাথায় মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। গত বুধবার রাতে দুজনকে একসঙ্গে বদলি করে মহানগর গোয়েন্দা বিভাগে নেওয়া হয়।
শাহপরান থানায় নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজালাল মুন্সি ও পরিদর্শক পদে সুরঞ্জিত তালুকদার। গতকাল বৃহস্পতিবার থেকে তাঁরা দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ মে এমসি কলেজে অস্ত্রবাজির ঘটনার দুদিন পর বদলি করা হয়েছিল তৎকালীন ওসি লিয়াকত আলীকে। প্রায় তিন বছরের মাথায় ৭ মার্চ এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ চলাকালে গুলিবিনিময় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়। ঘটনার দুদিন পর একসঙ্গে কর্তব্যরত ওসি ও পরিদর্শককে বদলি করায় ২০১৩ সালের ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ দাবি করেন, দুজনকে স্বাভাবিক প্রক্রিয়ায় বদলি করা হয়েছে।
৭ মার্চ দুপুরে এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক সভাপতি হিরণ মাহমুদের পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষে গুলিবিনিময় হলে এক পক্ষের দুজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে খায়রুল হাসান ওরফে শাহিন নামের একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পরদিন ছাত্রলীগ কর্মী রুবেল আহমদ বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ তাঁর পক্ষের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। সংঘর্ষের সময় আটক ছাত্রলীগের দুই কর্মী জিহাদ ও পুলককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।