শাহপরান থানার ওসিকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

আদালতের আদেশ মেনে রাষ্ট্রপক্ষকে তথ্য সরবরাহ না করার অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তলব করেছেন হাইকোর্ট। ১৪ জুন তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আদালতের মৌখিক আদেশ অনুসারে মামলার তথ্য দিয়ে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা না করার প্রেক্ষাপটে এ আদেশ দেওয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। ডাকাতির অভিযোগে শাহপরান থানায় করা এক মামলায় এক আসামির জামিন আবেদনের শুনানিতে ওই আদেশ দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুরাইয়া নাসরিন।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ডাকাতির অভিযোগে ২০১৮ সালের ১৮ মার্চ শাহপরান থানায় একটি মামলা হয়। এই মামলায় কারাগারে থাকা আসামি মোহাম্মদ ইউনুস ওরফে মানিক ওরফে কালু হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই আসামির জামিন আবেদনের শুনানিতে গত ৯ মার্চ আদালত মামলাটির সর্বশেষ অবস্থা পুলিশের কাছ থেকে জেনে আদালতকে জানাতে বলেন। সেদিন ফোন দেওয়া হলে শাহপরান থানার ওসি তথ্য জানাবেন বলে আশ্বাস দেন। তবে এরপর আর ফোন ধরেননি। পরে ই–মেইলের মাধ্যমে ১৪ মার্চ মামলাটির সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হয়। তবে ওসি এর জবাব দেননি। এ অবস্থায় মামলার তথ্য সরবরাহ না করা আদালত অবমাননাকর উল্লেখ করে সার্বিক বিষয় জানিয়ে রাষ্ট্রপক্ষ থেকে হলফনামা আকারে বক্তব্য উপস্থাপন করা হলে আদালত ওই আদেশ দেন।’