ঘূর্ণিঝড় আইলার আঘাত হানার ছয় বছরে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ এখনো সংস্কার করা হয়নি। এ কারণে হুমকির মুখে রয়েছে প্রায় ৪৫ হাজার মানুষ।
স্থানীয় লোকজনের ভাষ্য, গত ছয় বছরে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানিতে পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়ার ছয় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। চার হাজার একরের বেশি ফসলি জমি সাগরে তলিয়ে গেছে। দক্ষিণপাড়া, ডাঙ্গরপাড়া ও উত্তরপাড়ার পাঁচ শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
গতকাল রোববার সকালে সরেজমিন উপজেলার সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ ঘুরে দেখা যায়, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও কাঁটাবুনিয়া এলাকার ৬৮ নম্বর পোল্ডারের প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নাফ নদী ও বঙ্গোপসাগর-সংলগ্ন জালিয়াপাড়া, পশ্চিম-উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যামপপাড়া, বিলপাড়া, হারিয়াখালী, কচুবুনিয়া ও লাফার ঘোনা গ্রামের আরও দুই কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
পশ্চিমপাড়ার বাসিন্দা মো. নুরুল আমিন ও মো. হাসান জানান, বেড়িবাঁধটি সংস্কার না করায় তাঁরা আতঙ্কে দিন যাপন করছেন। জোয়ার এলে ঘরবাড়িতে পানি আঘাত হানে। ১৬ ফুট প্রস্থের বেড়িবাঁধ বিলীন হয়ে এখন দেড় ফুটে দাঁড়িয়েছে। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ এই বেড়িবাঁধ সংস্কার করা না হলে কয়েকটি গ্রাম সাগরে তলিয়ে যেতে পারে।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল জানান, ২০০৮ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে শাহপরীর দ্বীপের দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। কিন্তু এরপর ভাঙা বেড়িবাঁধে বড় ধরনের সংস্কার না হওয়ায় জোয়ার-ভাটার কবলে পড়েছে স্থানীয় ৪৫ হাজারের বেশি মানুষ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ জানান, আইলায় ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় হুমকিতে আছে শাহপরীর দ্বীপের অর্ধলাখ মানুষ। জেলা উন্নয়ন সমন্বয় সভায় ভাঙা বেড়িবাঁধের সংস্কারের বিষয়টি বারবার উপস্থাপন করা হচ্ছে। কিন্তু বরাদ্দ মিলছে না।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানান, বরাদ্দ না থাকায় এত দিন শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধটি সংস্কার করা যায়নি। সম্প্রতি কক্সবাজারের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের জন্য একনেকে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ নিয়ে আরেকটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।