টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ দেড় বছরেও জোড়া লাগেনি। ফলে ওই দ্বীপের অন্তত ৩০ হাজার মানুষকে বন্দিজীবন কাটাতে হচ্ছে। ম্লান হয়েছে ঈদের আনন্দ।
গতকাল শুক্রবার সকাল নয়টায় উপজেলার সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী গ্রামে গিয়ে দেখা গেছে, এখান থেকে দক্ষিণ দিকে শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার লম্বা ‘টেকনাফ-শাহপরীর দ্বীপ’ পাকা সড়কটি খণ্ড খণ্ডভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সামুদ্রিক জোয়ারের প্লাবনে পাকা সড়কটি ভেঙে গেছে। জোয়ারের সময় সড়কের দুই পাশে জমে থাকা পানির ওপর দিয়ে লোকজন নৌকায় শাহপরীর দ্বীপ-টেকনাফ চলাচল করে। ভাড়া ৩০ টাকা। সেখান থেকে জিপ, অটোরিকশা ও টমটম দিয়ে টেকনাফ যেতে লাগে আরও ৭০ থেকে ৮০ টাকা। যা আগে লাগত ২০ টাকা।
কলেজছাত্রী সোমাইয়া আকতার বলেন, ভাঙা সড়কের কারণে শাহপরীর দ্বীপ থেকে ১৮ কিলোমিটার দূরে টেকনাফ ডিগ্রি কলেজে পড়া হচ্ছে না। তাই ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার সরকারি মহিলা কলেজে ভর্তি হতে হয়েছে। এতে প্রতি মাসে অতিরিক্ত পাঁচ-সাত হাজার টাকা খরচ হচ্ছে। ঈদের ছুটিতে বাড়িতে এসে আনন্দের বিপরীতে দুর্ভোগ পোহতে হচ্ছে। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাতে শাহপরীর দ্বীপের পশ্চিম অংশে দেড় কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। এর পর থেকে ২০১২ সাল পর্যন্ত ওই ভাঙা বাঁধটি মেরামতের জন্য অন্তত ৭৫ কোটি টাকা খরচ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর উখিয়ার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙা বাঁধটি মেরামতের আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিছুই করছে না।
অন্যদিকে ভাঙা সড়কটি মেরামতে সড়ক ও জনপথ বিভাগ নীরব ভূমিকা পালন করছে। ফলে জোয়ার-ভাটায় প্লাবিত হচ্ছে অন্তত এক হাজার ঘরবাড়ি। ইতিমধ্যে সাগরে বিলীন হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। লোনা পানিতে নিমজ্জিত রয়েছে ১০ হাজার একরের বেশি ফসলি জমি ও লবণ মাঠ।
পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দীন বলেন, ভাঙা বেড়িবাঁধটি স্থায়ীভাবে নির্মাণের জন্য ৬৫ কোটি টাকার একটি প্রস্তাব ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ মেলেনি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় আমরা ভাঙা সড়কটির নির্মাণকাজে হাত দিতে পারছি না।’