ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত, তবুও শাহবাগে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র যানজটে স্থবির পুরো শহর। ছবিটি বিকেলে রাজধানীর বাংলা মটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
তীব্র যানজটে স্থবির পুরো শহর। ছবিটি বিকেলে রাজধানীর বাংলা মটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

বিক্ষোভ-প্রতিবাদের মুখে সদ্যপ্রকাশিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ বুধবার বিকেলে পিএসসি এই সিদ্ধান্ত নেয়। এর আগে ওই দাবিতে সকাল থেকেই শাহবাগের মোড় অবরোধ করে রাখেন পরীক্ষার্থীরা। এর ফলে পুরো রাজধানী অচল হয়ে পড়ে।  এদিকে পিএসসি ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিলেও চাকরিতে বিদ্যমান সব ধরনের কোটা বাতিল ও ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে আজ রাত ১০টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে তাঁরা অবস্থান করেন। কাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা আবার শাহবাগে মিলিত হবেন বলে জানিয়েছেন। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী শাহবাগে যান। তিনিও আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, আন্দোলন শান্তিপূর্ণ হলে কোনো বাধা দেওয়া হবে না। তিনি বলেন, ‘কেউ ৮০ পেয়ে পাস করবে না, আর কেউ ৫০ পেয়ে পাস করবে—এই প্রহসন মেনে নেওয়া যায় না।’ পিএসসির কিছু অত্যুত্সাহী সদস্য সরকারকে বেকায়দায় ফেলতে এ কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সুবহান শিকদার প্রথম আলো ডটকমকে বলেন, প্রিলিমিনারি থেকে কোটা সংরক্ষণের কোনো সিদ্ধান্ত পিএসসিকে দেওয়া হয়নি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকেলে পিএসসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, ফলাফল নিয়ে কিছু সংখ্যক প্রার্থীর মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির সদস্য এমরান কবির চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগের ফল স্থগিত করা হয়েছে। আমরা ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটাগুলো শূন্য থাকে। এ কারণেই পিএসসি আগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এতে মেধাবীদের বঞ্চিত হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু বিষটি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ার পিএসসি ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।’

শাহবাগ অবরোধ

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা বাতিল ও ৩৪তম বিসিএসের ফল বাতিলের দাবিতে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে আসেন।

এ সময় তাঁরা ‘আমাকে হত্যা করো অথবা কোটাপদ্ধতি বাতিল করো’, ‘একাত্তরের বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই’, ‘ছি ছি পিএসসি, এটা তুই কি করলি’ ইত্যাদি লেখা সংবলিত ব্যানার বহন করেন। দাবি আদায়ে সারা দিন শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন তাঁরা।

বিকেলে পিএসসি ফল স্থগিত করে পুনর্মূল্যায়নের ঘোষণা দিলে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরীক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মো. শাহীন আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদারেরা দেশের মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এ দেশকে মেধশূন্য করার জন্য। কিন্তু কোটাপদ্ধতির মাধ্যমে অসংখ্য মেধাবীকে বঞ্চিত করে এ দেশকে আবারও মেধাশূন্য করা হচ্ছে।’ সব ধরনের কোটা বাতিল করে শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে সব নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

প্রসঙ্গত, সাধারণ ক্যাডারের ৪৪২টি পদসহ মোট দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। গত ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। গত সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয় যাতে মোট ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

এত দিন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত পর্যায়ে কোটাপদ্ধতি প্রয়োগ করা হতো। কিন্তু ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পর্যায় থেকেই কোটা পদ্ধতি প্রয়োগ করা হয়। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের যে বন্ধুরা মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় আবেদন করেছেন, তাঁরা ৫৫ থেকে ৬৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর মেধা কোটায় ৭৫ থেকে ৭৮ নম্বর পেয়েও অনেকে উত্তীর্ণ হননি।