শাহবাগ আন্দোলনকারীদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তারা শাহবাগ আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাস্তিক আখ্যা দিয়ে তাঁদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন। একই সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন। বক্তারা আগামী মাসে ঢাকায় ইমামদের মহাসমাবেশ, সংসদ ভবনের উদ্দেশে লংমার্চ ও দেশের প্রতিটি বিভাগে মহাসমাবেশের কর্মসূচি দিয়েছেন। তবে এ জন্য কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। গতকাল সোমবার হাটহাজারী উপজেলার পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। তবে এতে হেফাজতে ইসলামের মূল নেতা ও হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের মোহাদ্দেস আহমদ শফি সমাবেশে উপস্থিত ছিলেন না। স্থানীয় একটি মাদ্রাসার প্রধান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বক্তব্য দেন নেজামে ইসলামের চেয়ারম্যান ইজহারুল ইসলাম চৌধুরী, হেফাজতে ইসলামের নায়েবে আমির মো. মহিবুল্লাহ, ইসলামী ঐক্যজোটের হাটহাজারী উপজেলার সভাপতি নাসির উদ্দিন, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের শিক্ষক মো. শহীদুল্লাহ, হাফেজ জুনায়েদ শেখ, বোরহান উদ্দিন প্রমুখ। সমাবেশের ঘোষণায় বলা হয়, ‘আজকের সমাবেশ সব যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বিচারের দাবি জানাচ্ছে।’ মহাসমাবেশে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা মিছিল নিয়ে আসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকেও একটি বড় মিছিল সমাবেশে যোগ দেয়। তবে তারা কোনো ব্যানার বহন করেনি। সমাবেশে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের দেখা গেছে।