শাহবাগ আন্দোলনে অর্থসহায়তা প্রবাসী ফেসবুক গ্রুপের
মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের ফেসবুক গ্রুপ ‘শাহবাগ: প্রবাসে’। গ্রুপটির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা সহায়তার হাত বাড়ান। গ্রুপটি এই আন্দোলনে সহায়তা করার জন্য চার লাখ ৭৮ হাজার ৬৮৩ টাকা সংগ্রহ করেছে। ‘শাহবাগ: প্রবাসে’ গ্রুপটি বিদেশে সংগৃহীত এই অর্থ আন্দোলনকারীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যাপারে প্রথম আলোর সহযোগিতা চায়। গ্রুপের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর কার্যালয়ে এই অর্থ হস্তান্তর করা হয়। গতকাল বিকেলে প্রজন্ম চত্বরে এই আন্দোলন পরিচালনাকারী ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার ও সদস্য কানিজ আকলিমা সুলতানা প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক এবং সহকারী ফিচার সম্পাদক মেহেদী মাসুদের কাছ থেকে ‘শাহবাগ: প্রবাসে’ গ্রুপের পাঠানো টাকা গ্রহণ করেন। ইমরান এইচ সরকার ও কানিজ আকলিমা সুলতানা এই সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।‘শাহবাগ: প্রবাসে’ নামের ফেসবুক গ্রুপের এই উদ্যোগের উদ্যোক্তা হলেন যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুনাওয়ার হাফিজ, ইশতিয়াক রউফ, সালমিন সুলতানা, রেজওয়ানা করিম, রাবাব মহসিন, সালওয়া মোস্তফা, হাসান কাজমী ও বায়জীদ গনী।