শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে পৌঁছার খবরে শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ। আজ সন্ধ্যা সাতটা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। ফাঁসি কার্যকর করার খবর না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
অবস্থান কর্মসূচি বিষয়ে ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করছি আজ রাতেই যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। এ জন্য বরাবরের মতোই আমরা শাহবাগে অবস্থান নিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, ‘যেহেতু মীর কাসেম আলী অগাধ ধন-সম্পদের মালিক; এ জন্য আমাদের মধ্যে একধরনের সংশয় তৈরি হয়েছিল। তবে এখন সেটি আর নেই। আশা করি, তাঁর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে সব সংশয় দূর হয়ে যাবে।’

ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হলে জামায়াত নিষিদ্ধের দাবি আরও এক ধাপ এগোবে। কারণ, তিনি জামায়াতের সবচেয়ে বড় অর্থের জোগানদাতা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র জানান, ফাঁসি কার্যকরের ঘোষণা আসার পর জাতীয় পতাকা নিয়ে একটি আনন্দমিছিল করবে গণজাগরণ মঞ্চ।
শাহবাগে এখন বক্তৃতা, গাঁদা ফুল দিয়ে মানচিত্র অঙ্কন, স্লোগান প্রভৃতি কর্মসূচি পালন করা হচ্ছে।