শাহবাগ থেকে নিখোঁজ জাকারিয়ার লাশ কেরানীগঞ্জে উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের কর্মচারী জাকারিয়া হোসেনের (২৪) মৃতদেহ কেরানীগঞ্জে পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল আবাসিক প্রকল্পসংলগ্ন বালুর গর্ত থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সংবাদ পেয়ে জাকারিয়ার ভগ্নিপতি নাসির আলম মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে কাপড়চোপড় ও মাথার টুপি দেখে তাঁকে শনাক্ত করেন। নাসির আলম সাংবাদিকদের জানান, জাকারিয়া হোসেন রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের এমএলএসএস পদে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম মৃত দবির উদ্দিন মোল্লা। গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার নলুয়া গ্রামে। তিনি জাতীয় জাদুঘর এলাকায় বসবাস করতেন। তিনি আরও জানান, ৯ নভেম্বর সকালে জাকারিয়াকে ফোন করে ডেকে নিলে তিনি অফিস থেকে বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ। এ ঘটনায় জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শ্যামল সাহা জানান, সন্ত্রাসীরা তাঁকে অপহরণের পর হত্যা করে বালুর গর্তে মৃতদেহ পুঁতে রাখে। তাঁর সুরতহাল সম্পন্ন করার পর মর্গ থেকে মৃতদেহ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়।