শাহবাগ বাংলাদেশের তাহরির স্কয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশের তরুণ প্রজন্ম ফুঁসে উঠেছে। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বর থেকে তাদের সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। সৃষ্টি হয়েছে দেশব্যাপী ব্যাপক গণজাগরণ। সামাজিক যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠা এই আন্দোলনকে যুক্তরাজ্যের প্রখ্যাত দৈনিক দ্য গার্ডিয়ান ‘তাহরির স্কয়ার’ হিসেবে আখ্যায়িত করেছে।দ্য গার্ডিয়ান গত বৃহস্পতিবারের সংস্করণে ‘বাংলাদেশ তাহরির স্কয়ার প্রটেস্ট ডিমান্ডস ডেথ ফর ওয়ার ক্রিমিনালস’ শিরোনামে লিখেছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের রাস্তার ওপর জড়ো হয়ে টানা ১০ দিন ধরে রাত যাপন করছে লাখো জনতা। এই আন্দোলন এমন একটা অনুভূতি তৈরি করেছে যে বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশিও দেশে ফিরে গিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছে। শিশুরাও এতে যোগ দিয়েছে। তাদের শরীরে লেখা হয়েছে, ‘আমরা ফাঁসি চাই’। এই জনরোষের কারণ হচ্ছে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা, যিনি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হন।দ্য গার্ডিয়ান লিখেছে, ১৯৭১ সালে নয় মাস ধরে চলা বর্বর ঘটনায় কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করার ক্ষণটি ছিল বাংলাদেশের জন্য বিরাট এক মুহূর্ত। তবে তাঁকে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় বাংলাদেশের বেশির ভাগ জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ রয়েছে।পত্রিকাটি আরও লিখেছে, কাদের মেল্লাসহ অন্যান্য যুদ্ধাপরাধীকে ৪২ বছর ধরে দায়মুক্ত রাখা হয়েছে। এতে করে জনগণ অসন্তুষ্ট ছিল। আদালতে রায় হওয়ার পর বেরিয়ে আসার সময় ‘মিরপুরের কসাই’ খ্যাত কাদের মোল্লা বিজয়ের প্রতীক ‘ভি’ চিহ্ন দেখানোয় জনগণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বিশ্লেষকদের বিশ্বাস, কাদের মোল্লা নিশ্চিত যে সরকার পরিবর্তন হলেই তিনি ক্ষমা পেয়ে যাবেন। এ কারণেই তিনি এমন সাহস দেখিয়েছেন। ফলে যেসব মানবাধিকারকর্মী সাধারণত মৃত্যুদণ্ডের বিপক্ষে কথা বলেন, তাঁরাও এখন এটাকে সমর্থন করছেন।